মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গরুবোঝাই ট্রলার ডুবির পরপরই হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মোট ১৩ সদস্য ঘটনাস্থলে আসেন।
গরুর খামারি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, গরুগুলো নিয়ে তারা সিরাজগঞ্জের চৌহালী থেকে নারায়ণগঞ্জের মোগড়াপাড়ায় কোরবানির পশুর হাটে যাচ্ছিলেন।
খামারি লাল মিয়া বলেন, ডুবে যাওয়া ট্রলারে আমার দুটি গরু ছিল। একটিও উদ্ধার হয়নি। আমি পথের ফকির হয়ে গেলাম।
আবদুল্লাহ নামের আরেক খামারি জানান, তিনি চারটি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটি গরুর বাঁধন কেটে দিতে পারায় সেটিকে উদ্ধার করা গেছে। বাকি তিনটি উদ্ধার হয়নি।
অন্য খামারিদের মধ্যে বজলু নামের একজনের তিনটি গরুর মধ্যে একটি উদ্ধার করতে পেরেছেন, জমির উদ্দীন তার আটটি গরুর একটিও উদ্ধার করতে পারেননি, উজ্জ্বল মুনসীর দুটি গরুর একটি উদ্ধার হয়েছে, খালেক ব্যাপারীর ৯টি গরুর মধ্যে দুটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন। তবে বাহাদুরপুর এলাকায় একটি গরু উদ্ধার হলেও স্থানীয়রা সেটি ফেরত দেয়নি বলে অভিযোগ খামারিদের।
ইউএনও শাহরিয়ার রহমান বলেন, ৪৭টি গরু নিয়ে সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন খামারি ও ব্যবসায়ীরা। এর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি।
