‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছি। বড় বড় দুর্নীতিবাজকে ধরা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ মনোনয়ন পান তা প্রত্যাশা করছি না।’ গতকাল রবিবার দুপুরে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
এ সময় দুদকের দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় নির্বাচন কে করবেন বা করবেন না তা আমাদের জানার বিষয় না। এ নিয়ে আমরা কাজ করিও না। যাদের বিরুদ্ধে কালো টাকার অভিযোগ আছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সংসদ সদস্য বা অন্য কাউকে দুদক হয়রানি করে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তা অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হয়। সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পেলে তাদের অব্যাহতি দেওয়া হয়।
