খিলগাঁওয়ে স্কুলছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৩৬ এএম

রাজধানীর খিলগাঁওয়ে আরাফ (১১) নামে স্কুলপড়ুয়া শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আরাফ স্থানীয় নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

আরাফের বাবা মো. রাসেল মিয়া জানান, খিলগাঁও গৌরনগর বাগপাড়া ক্যাপ্টেনের বাড়িতে তারা থাকেন। সোমবার সারা দিন আরাফ তার নানা আনোয়ার আলীর সঙ্গে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় নদীতে ট্রলারে ঘোরাঘুরি করে। রাতে ৮টার দিকে বাসায় ফেরে। রাতে খাবার খেয়ে ঘুমানোর আগে আরাফ বাবা-মাকে জানায়, তার পেট ব্যথা করছে। শরীর খারাপ লাগছে। পরবর্তী সময়ে আরাফ এবং চার বছর বয়সী আরাফের আরেক ভাইকে ঘুম পাড়িয়ে রেখে তাদের মা রুনা আক্তার এলাকার একটি দোকানে যান। প্রায় পৌনে এক ঘণ্টা পর সেখান থেকে তাদের মা বাসায় ফিরে দুই ছেলে এবং তাদের বাবা রাসেলকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে রুনার ঘুম ভাঙলে ছেলে আরাফের শরীরে হাত দিয়ে দেখেন, তার শরীর শক্ত ও শীতল হয়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই মাহবুবুর রহমান মুন্সী জানান, সোমবার রাত ১১টার দিকে তার বাবা-মা শিশুটিকে ফরাজী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত