জার্মানির বার্লিনে অনুষ্ঠিত 'স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস' এ অংশগ্রহণকারী জামালপুরের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০জুন) সকালে জামালপুর পৌরসভার আয়োজনে মির্জা আজম অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আলোচনা সভার পূর্বে মির্জা আজম পদক অর্জনকারী খেলোয়াড়দের হাতে ফুল, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এ সময় কৃতি খেলোয়াড়দের অভিভাবক ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস এ অংশগ্রহণকারী জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩জন প্রতিযোগীর মধ্যে ১১জন স্বর্ণ, ১জন রৌপ্য ও ১জন ব্রোঞ্জ পদক অর্জন করায় এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দের এ সংবর্ধনা দেওয়া হয়।
জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।
