কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মো. সাআদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক ঢাকার যাত্রাবাড়ীর মৃত মো. আহসান উল্লাহর ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন সাআদ। এ সময় স্রোতের টানে ভেসে যান তিনি। বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচকর্মীদের অবহিত করলে তারা তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের ওই কর্মকর্তা।