ট্রাকের চাপায় প্রাণ গেল প্রসূতিসহ নবজাতকের

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৩৭ এএম

চার বছর আগে জন্ম হয় কন্যা সন্তানের। গর্ভে থাকা আরেক সন্তান কিছুদিন পরই পৃথিবীর মুখ দেখবে। সেই দিনের অপেক্ষায় ছিলেন শারমিন আখতারসহ (২৭) পরিবারের সদস্যরা। হঠাৎ প্রসব বেদনা উঠলে শারমিনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে অটোরিকশা করে রওনা হন তারা। কিন্তু পথেই একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এ দুর্ঘটনায় প্রাণ যায় মাসহ ঘটনাস্থলে প্রসব হওয়া নবজাতকের। দুর্ঘটনাটি ঘটে গত শনিবার রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের সংগলশী ইউনিয়নের শিমুলতলীতে।

এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার চাপায় অটোচালক নিহত হয়েছেন। বিস্তারিত সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে

ট্রাকচাপায় প্রাণ গেল প্রসূতিসহ নবজাতকের : নীলফামারী-সৈয়দপুরের জেলা সদরের সংগলশী ইউনিয়নের শিমুলতলীতে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রসূতিসহ নবজাতকের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পথের ওই স্থানে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার পথ। এ সময় অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় নিহত হন শারমিনসহ তার গর্ভের সন্তান। আহত হন শারমিনের মেয়ে ইলমা মনি (৪), মা কহিনুর বেগম (৫০), খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়, ডোমার পৌরসভার চিকনমাটি কাচারিপাড়া গ্রামের বাসিন্দা শারমিন আখতার। আট বছর আগে সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার রেজাউল ইসলাম লিটনের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির চার বছরের মেয়ে সন্তান আছে। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর শারমিন ডোমারে মায়ের কাছে থাকতেন। শনিবার রাতে প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে অটোরিকশা করে রওনা হন তারা।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, দুর্ঘটনার সময় বাচ্চাটি প্রসব হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

টাঙ্গাইলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রাফি (১৮) উপজেলার দিগড় গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলে করে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি নিহত হন। এ সময় প্রাইভেট কারটি রেখে চালক পালিয়ে যায়।

ঘটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ : আদমদীঘিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামে একজন নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুলবুল নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। এদের মধ্য গুরুতর আহত হন বুলবুল সরদার। বুলবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে রাত ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজারে অটোরিকশা চাপায় নিহত ১ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবুল হোসেন (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ছোট বিনাইরচর চারতলা মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন ওই এলাকার বাসিন্দা।

থানা পুলিশ জানায়, গতকাল বিকেলে আবুল হোসেন আড়াইহাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত