তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের প্রশ্নই ওঠে না

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:১৮ এএম

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা মনে করি, বিএনপি দেশে একটি গ-গোল পাকাতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই।’

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাসস।

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নেই। সে সময়ে সরকারের আকার ছোট হবে না, বর্তমানে যারা মন্ত্রিসভায় আছে তারা সবাই থাকবে কিংবা আমাদের শরিকদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রী দেখবেন, তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিএনপি যদি সংসদে থাকত হয়তোবা সে ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকত।’

বিএনপির নেতা রুহুল কবির রিজভী ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে’ বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশে আমরা জঙ্গি দমন করতে পেরেছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অগ্নিসন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে বিধায় তারা এখন অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, শুধু সন্ত্রাসী ও অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যে তারা ব্যবহৃত হচ্ছে না।’

এদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং মামলা করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে রেজা কিবরিয়া এবং নুরুল হক নুর কিছু কৌতুকের জন্ম দিয়েছেন। তাদের কোনো জনভিত্তি নেই, তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত। জনগণের সঙ্গে তাদেও কোনো সংশ্রব নেই।’

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যেসব কারণে তাদের দলের ভাঙন যেমন তহবিল তছরুপ, কারও সঙ্গে আঁতাত, বিদেশি কোনো শক্তি বা অপশক্তির সঙ্গে মেলামেশা, অর্থ গ্রহণ এগুলো তাদের জন্য প্রচ- অবমাননাকর। তাদের এ বাহাস রাজনৈতিক কৌতুক ছাড়া অন্য কিছু নয়।’

‘আওয়ামী লীগের সঙ্গে নুরের আঁতাত ও নির্বাচনে আসার জন্য টাকার প্রস্তাব করা হয়েছে’ রেজা কিবরিয়ার এমন দাবির বিষয়ে প্রশ্ন করা হলে হাছান মাহমুদ বলেন, ‘রেজা কিবরিয়া তো অনেক কথাই বলেছেন। আবার নুরও রেজা কিবরিয়া সম্পর্কে অনেক কথাই বলেছেন। নুরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তো নানা সময়ে নানাজন করেছে। আমাদের দলের সঙ্গে নুরের কোনো যোগাযোগ নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন, অন্তত তিনবার। সেটার কোনো কার্যকর প্রতিউত্তর নুরের কাছ থেকে আসেনি।’

এর আগে ‘বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স’ বইটি সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘এটি মূলত বিদেশে আমাদের মিশনগুলোর চাহিদা পূরণ করার জন্য তৈরি করা হয়েছে। আমাদের দেশে যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত আছে, এটা অনেকেই জানে না। পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই দেশের উজ্জ্বল ভাবমূর্তি গুরুত্বপূর্ণ।’

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া এবং পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলী সরকার বইটির মোড়ক উন্মোচনে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত