আনোয়ারায় লোকালয়ে হাতির তান্ডব, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৩৯ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াঙ পাহাড়সংলগ্ন লোকালয়ে বন্যহাতির তান্ডব বেড়েছে। হাতির আক্রমণে কৃষকরা যেমন ক্ষতির মুখে পড়ছেন তেমনি স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী।

বিশেষ করে দুই দিনে হাতির তান্ডবে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল, কুলালপাড়া, আমানউল্লাহপাড়া ও মোহাম্মদপুর এলাকার ধানক্ষেত, গাছপালাসহ বসতবাড়ি নষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফকিরখীল গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ ইদ্রিছ বলেন, গত রবিবার রাত দেড়টার দিকে দুটি হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। একটি হাতি আমার বসতবাড়িতে ঢুকে পাকা সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। অন্যটি বাড়ির পাশে বিলের ধানক্ষেত ও কাঁঠালগাছ পদদলিত করে নষ্ট করেছে।

বৈরাগ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মুসা তালুকদার জানান, গত শনিবার রাত তিনটার দিকে কুলালপাড়া এলাকায় হাতির পাল তান্ডব চালিয়ে গাছপালা ও জমির ধান নষ্ট করেছে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে দেয়াঙ পাহাড়ে দলছুট বন্যহাতির পাল বিচরণ করছে। দিনের বেলায় হাতির পালটি পাহাড়ের জঙ্গলে থাকলেও রাত হলেই লোকালয়ে নেমে আসে। হাতির পাল প্রায় সময় পাহাড়সংলগ্ন গ্রামগুলোর কোনো না কোনো এলাকায় তান্ডব চালায়। তাই হাতি-আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন এসব এলাকার বাসিন্দারা।

স্থানীয় বৈরাগ ইউপির চেয়ারম্যান নোয়াব আলী বলেন, রবিবার রাতে হাতি তান্ডব চালিয়ে ফকিরখীল এলাকার বাড়ির সীমানা প্রাচীর ও কৃষকদের ফসলের অনেক ক্ষতি করেছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানিয়েছি।

বাঁশখালীর জলদি বন্যপ্রাণী সংরক্ষণ ও অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, দেয়াঙ পাহাড়ের হাতি বিষয়ে স্থায়ী সমাধানের জন্য আমরা উচ্চপর্যায়ে কথা বলেছি। তবে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপাতত সেখানে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কয়েকটি টিম কাজ করছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত