নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় হাসানকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নং ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে। তিনি চনপাড়ার একটি খাবার হোটেলের মালিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়ার শীর্ষ মাদককারবারি ও ইউপি সদস্য বজলুর মারা যাওয়ায় গত ১২ জুন এখানে উপনির্বাচন হয়। এরপর থেকে চনপাড়ার আধিপত্য বিস্তার ও মাদককারবারের দখল নিয়ে কয়েকদিন পরপর চিহ্নিত মাদক কারবারি জয়নাল ও শমসের সাহাবুদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। যার জেরে সোমবার রাতে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এসময় খাবার হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হৃদয়।
জেলা গ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, গত দুইদিন ধরে চনপাড়া উত্তপ্ত। রাতে দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
