রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট ও উচ্চমূল্যস্ফীতির কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য তৈরি পোশাকশিল্পকে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে খাতটিকে নীতিগত সহায়তা দিতে সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিশেষ অনুরোধ জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, সরকার পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখার জন্য বিভিন্ন নীতি সহায়তা প্রদান করছে। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নবায়নের মেয়াদ এক বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করা হয়েছে। এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিবন্ধন সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করা হয়েছে। এর ফলে রপ্তানিকারকদের সময় ও ব্যয় হ্রাস হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, রপ্তানিমুখী শিল্পের সব প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআরের পক্ষ থেকে ব্যবসা সহজীকরণের জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত সরাসরি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে।
ইপিজেডের প্রতিষ্ঠান ব্যতীত বাকিদের মেয়াদ না বাড়ানোয় বৈষম্য তৈরি হবে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ইপিজেডের বাইরে অবস্থিত সব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ওই সুবিধা থেকে বঞ্চিত হবে এবং রপ্তানি সক্ষমতায় তারা পিছিয়ে পড়বে। এ ছাড়া এই দ্বৈতনীতির কারণে রপ্তানি বাণিজ্যে বৈষম্যের সৃষ্টি হবে।
চিঠিতে তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও প্রবৃদ্ধি বজায় রাখা এবং ব্যবসা সহজীকরণ ও ব্যয় হ্রাসের জন্য সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ জানান ফারুক হাসান।
গত জুনে ইপিজেডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করেছে এনবিআর। বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্সিং বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করে এ মেয়াদ বাড়ায়। তবে সব ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্সের ক্ষেত্রে আগের মতোই প্রতি বছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অডিট সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতায় বর্তমানে ঢাকা, আদমজী, চট্টগ্রাম, মোংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা ও কর্ণফুলীÑ এ আটটি ইপিজেড রয়েছে। এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে বেপজা অর্থনৈতিক অঞ্চল।
