কক্সবাজারের উখিয়ার দুইটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। এসময় মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার রোহিঙ্গা নর-নারীদের সাথে খোলা মেলা আলাপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬জুলাই)সকাল সাড়ে দশটার দিকে করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান তিন সদস্যের প্রতিনিধি দল।
এরপর ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টা ব্যাপী রোহিঙ্গাদের সঙ্গে খোলামেলা আলাপ করেন প্রতিনিধি দলটি ।
বৈঠকে নারী-পুরুষসহ তেরোজন উপস্থিত ছিলেন বলে ক্যাম্প সূত্র জানা যায়। আইসিসির প্রধান কৌঁসুলি সঙ্গে কথা বলেছেন পাঁচজন রোহিঙ্গা সদস্য। এর মধ্যে তিন নারী দুইজন পুরুষ।
২০১৭সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক ব্যাপক নির্যাতন,ধর্ষণ,বাড়িঘরে লুট পাট,পুড়িয়ে মারা সহ নানান বিষয় তুলে ধরেন রোহিঙ্গারা। প্রতিনিধি দলটি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন ধরনের কথা বলেনি।
গতকাল (বুধবার) বিকেলে ঢাকা থেকে বিমানে কক্সবাজার বিমানবন্দর পৌঁছান আইসিসির প্রধান কৌঁসুলি। এরপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান সমুদ্র সৈকত সংলগ্ন শরণার্থী, ত্রাণ ও প্রত্যবসান কমিশনারের কার্যালয়ে। সেখানে আর আর আরসি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি ।। বৈঠকে রোহিঙ্গাদের খাদ্যসহায়তা কমিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসির প্রধান এই কৌঁসুলি।
এই ব্যাপারে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যবসান কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ খালিদ হোসাইন বলেন, উখিয়ার দুইটি ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিনিধি দল। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার রোহিঙ্গা নর-নারীদের সাথে আলাপ করেন।
উল্লেখ্য ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংগঠিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে প্রক্রিয়া শুরু করে আইসিসি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সেনাবাহিনীর চালানো নির্যাতনের ব্যাপ্তি নিয়ে তদন্ত করছে আইসিসির প্রধান কৌঁসুলি।
