আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ আদনান সাংবাদিকদের বলেন, আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ ২০১৮ সালের ২ জুলাই সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। বিবরণীতে তিনি ২২ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার স্থাবর এবং ৫০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৮০৯ টাকার অস্থাবর সম্পদসহ ৭৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৭১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। কিন্তু দুদকের অনুসন্ধানকালে সংগৃহীত তথ্য ও প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে গুলজার আহমেদের ৫২ কোটি ৪৭ লাখ ৩ হাজার ২৮৯ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়।
অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় গুলজার আহমেদ ২২ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার স্থাবর সম্পদ ও ৫২ কোটি ৪৭ লাখ ৩ হাজার ২৮৯ টাকার অস্থাবর সম্পদ এবং ৮ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৭২ টাকার পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ ৮৩ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৪৫৭ টাকার সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য-প্রমাণ পাওয়া যায়।
