বরগুনার তালতলীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছেন স্বামী। গত মঙ্গলবার রাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন দিয়ে স্বামী শাহ আলীকে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে স্ত্রী ফাতিমার দায়ের করা মামলায় শাহ আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফাতিমা বলেন, ‘প্রায় সময় আমার স্বামী আমাকে নির্যাতন করত ও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে। আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে এসেছি সব শেষ করেছে। এখন বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে এলে মারধর করে। আমার মাথার চুল কেটে দিয়েছে সব। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
