ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিল ৫০০ কোটি টাকায় উন্নীত

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২০ এএম

আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ নামে গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে তাদের স্বল্প সুদ/মুনাফায় ডিজিটাল ক্ষুদ্র ঋণ/বিনিয়োগ প্রদান এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে এর আগে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। তবে ডিজিটাল ক্ষুদ্র ঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ওই তহবিলের পরিমাণ বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হলো।

এর আগে ২০২২ সালে ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তহবিল থেকে গ্রাহকরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। এ তহবিল থেকে ডিজিটাল মাধ্যম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ই-ওয়ালেট ইত্যাদি) ব্যবহার করে তফসিলি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত