কাদের বললেন

বিদেশিদের আপন হতে জনগণকে ‘শত্রু’ বানিয়েছে বিএনপি

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:৪৩ এএম

বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপি যে আন্দোলন করছে, তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিদেশিদের আপন করতে গিয়ে দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি।’ গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন ভিসানীতি ঘোষণার পর বিএনপি নেতারা অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল।’

তিনি বলেন, বিএনপি নেতারা এত দিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন। আর এখন বলছেন ‘কোন দেশের ভিসানীতিতে কী আছে, না আছে, দেখতে চাই না।’ আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে। বিএনপির সন্ত্রাস ও সহিংস রাজনীতির অপতৎপরতা কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রুজ্ঞান করে, তারা কখনো জনগণের আস্থা পায় না।’

‘দেশ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার ও অপপ্রচার চর্চা করে আসছে। তারা সত্যকে যেমন ভয় পায়, তেমনি দেশের জনগণ এবং সংবিধান ও আইন-আদালতকে ভয় পায়। দেশ নয়, আসলে বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, ওয়ান-ইলেভেনের অসাংবিধানিক ও অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই বেআইনি ও অযৌক্তিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দি করে। সেদিন শুধু শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়নি, অবরুদ্ধ করা হয়েছিল দেশের গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা।

ওবায়দুল কাদের বলেন, ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গণদাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি বলেন, তার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত