বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
এক বিজ্ঞপ্তিতে সোমবার দুজনেরই ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করার কথা জানিয়েছে আইসিসি। দুজনের বিরুদ্ধে আলাদা দুটি ধারা ভাঙার অভিযোগ। তাদের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।
রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-০ তে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের।
আফগান কোচ ট্রট শাস্তি পেয়েছেন আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে। বৃষ্টি থামার পর মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়াররা আরও কিছু সময় খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আফগান কোচের সেটা পছন্দ হয়নি। অন্যদিকে ওমরজাই শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়কে আউট করে খ্যাপাটে উদযাপনের জন্য।
খেলা শেষে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন ট্রট ও ওমরজাই। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে আইসিসি।
