দুমকিতে পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-লুট

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:২০ এএম

পটুয়াখালীর দুমকিতে নির্বাচনে বিজয়ী ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী পরাজিত মেম্বার প্রার্থীর (ইউপি সদস্য) বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লুথ্যারান হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক মৃধার (রাজা মৃধা) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তালা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মৃধা জয়লাভ করেন। বিজয়ী ঘোষণার পর বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির মৃধা, তার ভাই জাকির মৃধা, আবদুল বারেক মৃধাসহ প্রায় দেড়শ কর্মী-সমর্থক নিয়ে পরাজিত প্রার্থী আবদুর রাজ্জাক মৃধার বাড়িতে হামলা চালান। হামলাকারীরা রাজ্জাক মৃধার বসতঘরের বেড়া, দরজা-জানালা ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেন। এ সময় বাধা দিলে আবদুর রাজ্জাক মৃধা, স্ত্রী খাদিজা বেগম ও দুই সন্তানসহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত ইউপি সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, ‘তালা মার্কার বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির মৃধা তার দুই ভাই এবং তাদের ছেলেরাসহ প্রায় দেড়শ কর্মী নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং আমার স্ত্রীর গলার চেইনসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’

অভিযোগ অস্বীকার করে বিজয়ী ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা বলেন, ‘সবকিছু বানোয়াট, সাজানো নাটক। ভোটে হেরে গিয়ে নিজের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ দিচ্ছে।’

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত