আন্তর্জাতিক বাজারেও ভেলকি দেখাবে ‘সুড়ঙ্গ’

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:২৭ এএম

ঢালিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী নির্মিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে আছেন তমা মির্জা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক হাউজফুল শো আর দর্শকের প্রশংসায় সাফল্য লাভ করেছে। এবার দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের ময়দানে নামছে ‘সুড়ঙ্গ’। ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। ইতিমধ্যে সেখানে ছবিটি ঘিরে দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনা তৈরি হয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে (প্রতিদিন চারটি শো) এবং লস অ্যাঞ্জেলেসের লিমলে নর্থ হলিউড-৭ প্রেক্ষাগৃহে (প্রতিদিন দুটি শো) প্রদর্শিত হবে ছবিটি। এ উপলক্ষে মার্কিন মুলুকে চলছে জোর প্রচারণা। যেটার অংশ হিসেবে নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দেখানো হয়েছে ‘সুড়ঙ্গ’র ট্রেলার। পৃথিবীর কেন্দ্রস্থল খ্যাত টাইমস স্কয়ারে কোনো সিনেমা কিংবা গানের প্রচারণা মানে সেটা বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া। ‘সুড়ঙ্গ’র মাধ্যমে সেই অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদের মতে, এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ট্রেলার টাইমস স্কয়ারে প্রদর্শিত হলো। তিনি জানান, মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১১টা অব্দি প্রতি ঘণ্টায় চারবার করে ‘সুড়ঙ্গ’র ট্রেলার দেখানো হয়েছে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে। এটি ‘আই লাভ নিউ ইয়র্ক’ বিলবোর্ডের ঠিক ওপরেই অবস্থিত। শুধু বিলবোর্ডে ট্রেলার প্রদর্শনই নয়, ভিনদেশি দর্শকের মধ্যে ‘সুড়ঙ্গ’র লোগো সংবলিত টি-শার্টও বিলি করা হয়েছে। এর মাধ্যমে বাংলা সিনেমার আবেদন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ত্বরান্বিত করছে পরিবেশনা সংস্থাটি। প্রসঙ্গত, একই পরিবেশকের মাধ্যমে আগামী ২৮ জুলাই উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে চলবে বাংলাদেশি এই সিনেমা। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশেও চলবে ছবিটি।

এদিকে, ছবিটি দেখার জন্য পশ্চিমবঙ্গের দর্শক যে উন্মুখ হয়ে আছে, তার আঁচ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি আগেই টের পেয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ। তাই পরিবেশক হিসেবে ছবির প্রযোজকের সঙ্গে চুক্তিটা সেরে নিয়েছে তারা। এরই ফলে আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ক’দিন আগেই। এবার প্রকাশ্যে এলো হলের তালিকা। ভারতের বঙ্গ অঞ্চলের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সিনেমাটি। এই সূত্রে বলা দরকার, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও অবশ্য পরবর্তী সময়ে এর হল সংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে ছবিটির, যেটা শুভ ইঙ্গিত নিঃসন্দেহে। এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। যদিও বাংলাদেশে মুক্তির আগে কেবল সংলাপহীন একটি ফোরটেস্ট (পূর্বাভাস) সামনে এনেছিলেন নির্মাতা-প্রযোজকরা। তবে নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ওপার বাংলায় মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। ইতিমধ্যে সেরেছেন ভিসা আবেদন প্রক্রিয়াও। সব কিছু ঠিকঠাক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ তারা শিগগির উড়াল দেবেন ‘সিটি অব জয়’র উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র সাফল্য প্রত্যাশা করে তমা মির্জা বলেছেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমান হিট হবে। সেই আভাসই পাচ্ছি।’

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত