ইউক্রেন যুদ্ধক্ষেত্র ছেড়ে এবার আফ্রিকায় মনোযোগী হতে সহযোদ্ধাদের প্রস্তুতি নিতে বললেন ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিন।
গত বুধবার টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে যোদ্ধাদের এই নির্দেশনা দেন রুশ ভাড়াটে বাহিনীর প্রধান। গত মাসে সশস্ত্র বিদ্রোহের পর প্রিগোজিনের ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, স্বাগতম ছেলেরা... বেলারুশের মাটিতে স্বাগতম। ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা সম্মানজনকভাবে লড়েছি। আপনারা রাশিয়ার জন্য অনেক কিছু করেছেন। সম্মুখ যুদ্ধক্ষেত্রে যা ঘটছে, তা লজ্জাজনক। এর সঙ্গে আমাদের জড়ানোর দরকার নেই।’ গত ২৩-২৪ জুন ভারী সমরাস্ত্রে সজ্জিত ওয়াগনার যোদ্ধারা রুশ প্রতিরক্ষা কর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। বিশাল সামরিক বহর নিয়ে মস্কোর দিকে রওনা দিয়েছিল তারা। প্রিগোজিনের ভাষ্যমতে, এটি ছিল ‘ন্যায়ের জন্য অভিযান’, যার লক্ষ্য ‘অযোগ্য’ রুশ কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করা। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মিত্র বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহের ইতি টানে ওয়াগনার। প্রিগোজিন এবং তার যোদ্ধারা সে দেশেই স্থানান্তরিত হয়। প্রসঙ্গত, আফ্রিকার লিবিয়া, মালি, সুদান, মোজামবিকসহ কয়েকটি দেশে সক্রিয় আছে ওয়াগনার গ্রুপ।
