বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘দৃশ্যমান ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, আমরা নিয়েছি। বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া দরকার, তা গ্রহণ করা হয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিতে প্রস্তুত।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে আলোচনা সভা শুরু হয়। এ সময় পুলিশ প্রধানের নেতৃত্বে অতিথিরা আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্বরণিকা ‘নবচেতনায় আরএমপি’-এর মোড়ক উন্মোচন করেন। এরপর আরএমপির উদ্যোগে তৈরিকৃত বিজ্ঞ আদালতে সাক্ষী হাজির ব্যবস্থাপনা ও পুলিশ ভেরিফিকেশন সফটওয়্যারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আরএমপির ৩০ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে পুলিশের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
