স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। যারা সরকার গঠন করতে চান, তাদের একটি মাত্র উপায় নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। ষড়যন্ত্রের পাঁয়তারা করে কোনো লাভ হবে না।’
গতকাল শনিবার বিকেল ৪টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নাটখোলা পুলিশ তদন্ত কেন্দ্র ও স্বাধীনতার ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির কাছ থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। বিদেশিরাও দুই-এক দিন পর টের পাবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের শোভাযাত্রার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছেন না, শান্তি ও উন্নয়নের চিত্র যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার করতে পারেন, তাই শোভাযাত্রা দেওয়া হচ্ছে।
বর্তমান নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরীক্ষিত। তাই সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে, মানুষ ও জনগণ আর অন্ধকারে নিমজ্জিত হতে চায় না। বাঙালি জাতি সঠিক সময়ে, সঠিক কাজ করতে জানে। আমি সারা বাংলার খবর জানি। তাদের কথা একটিই, যত দিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তত দিন বাংলাদেশ আলোকিত থাকবে।
এ সময় পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হরিরামপুরের চরাঞ্চলে পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
