ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের গুচ্ছ বোমা হামলায় এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও তিন সাংবাদিক। গত শনিবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, নিহত সাংবাদিক হলেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএর রোস্তিস্ল্যাভ জুরাভলেভ। আরআইএ এজেন্সি ও জুরাভলেভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, পিয়াটিখাটকির সামনের সারির গ্রামের কাছে তাকে হত্যা করা হয়। সাংবাদিক হত্যার জন্য ইউক্রেন পূর্ব পরিকল্পিতভাবে গুচ্ছ বোমার ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সাংবাদিক হত্যাকে পশ্চিমা ও কিয়েভের দ্বারা সংঘটিত একটি জঘন্য ও পূর্বপরিকল্পিত অপরাধ বলে অভিহিত করেছে। জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসাডর দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, এই হামলা সমস্ত নৈতিকতার সীমা অতিক্রম করেছে।
×
