সাপ্তাহিক সময় পূর্বাপর-সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষিত হয়েছে। সাপ্তাহিক সময় পূর্বাপর সম্পাদক, হাসান মাহমুদ জানান, জুরিরা পঞ্চাশের অধিক পা-ুলিপি পাঠ ও বিবেচনায় রেখে কথাসাহিত্যে সরোজ মোস্তফা ও কবিতায় মাদল হাসানকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন। পূর্বাপর প্রবর্তিত প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য গত ফেব্রুয়ারি মাসে অপ্রকাশিত পা-ুলিপি আহ্বান করা হয়। এতে মোট ৫৫টি পা-ুলিপি জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে দেশের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গড়া জুরি বোর্ড এই দুই লেখককে পুরস্কারের জন্য মনোনীত করেন। পুরস্কার বিজয়ী কবিতার বইটির নাম ‘লিখেছো রচনাহীনা’ এবং আখ্যান-উপন্যাসটির নাম ‘ছোট শহরের দার্শনিক’। পুরস্কারের অর্থমূল্য হিসেবে প্রত্যেক লেখক পাবেন বিশ হাজার টাকা। হাসান মাহমুদ জানান, ‘দ্রুতই অনুষ্ঠান করে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বই দুটোও প্রকাশ করবে সময় পূর্বাপর’।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে যোগাযোগ করা হলে কবি মাদল হাসান ফোন না ধরলেও কবি সরোজ মোস্তফা বলেন, ‘পূর্বাপরের বিজ্ঞাপন দেখে ‘ছোট শহরের দার্শনিক’ নামে একটি পাণ্ডুলিপি জমা দেই। জুরিবোর্ডের বিচারে আমার পাণ্ডুলিপিটি নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। একজন লেখককে যখন সম্মান দেয়া হয় তখন পুরো সময় ও সমাজকেই সম্মানিত করা হয়। কারণ লেখক একটা সময় ও সমাজের প্রতিনিধিত্ব করেন। সময় ও সমাজকে নির্মাণের যে অনন্ত সাধনা, তার কিছুটা সামাজিক স্বীকৃতি হয়তো পুরস্কার এবং পাঠকপ্রিয়তার মাধ্যমে লেখকের ভাগ্যে জুটে। নয়নতারার মতো ছোট আমার লেখক জীবন। আত্মনির্জনতায় সেই কবে থেকে গড়তে চাইছি নিজস্ব একটা ভাষাকুটির। বিলের শাপলা যতই ছোট হোক তবু সে বিলের শাপলা এরকম একটা প্রত্যয়ে নিজের জগতে আছি।’ সরোজ মোস্তফা পূর্বাপর ও জুরি বোর্ডের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
