টানা সপ্তম মেয়াদে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:০৫ এএম

বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। এ নিয়ে টানা সপ্তম মেয়াদে তিনি বিকেএমইএর সভাপতি নির্বাচিত হলেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্বাচিত কমিটিতে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ। ২৫ জুলাই বিকেএমইএর প্রধান কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন ২৫ জুলাই।

যেহেতু নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে সেহেতু বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী নির্বাচনের প্রয়োজন হয় না। ফলে বিধি অনুযায়ী ২৫ জুলাই তারিখেই টানা সপ্তম মেয়াদে সভাপতি নির্বাচিত হন এ কে এম সেলিম ওসমান, এমপি।

এই পর্ষদে ২৫ জন পরিচালকের মধ্যে ২৪ জনের নাম ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত