বিশ্বকাপ সূচিতে বদল আসছে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১১:০৭ এএম

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচিতে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আয়োজক বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েকদিনের মধ্যেই আইসিসির সঙ্গে আলোচনা করে সংশোধিত সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জয় শাহ।

কয়েক দিন আগেই খবর প্রকাশ হয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ বদলাতে পারে। আহমেদাবাদে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর হতে পারে ম্যাচটি।

সূচিতে যে বদল আসবে, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ আছে কিনা সেটা উল্লেখ করেননি জয় শাহ। বরং তিনি বলেছেন, বেশ কয়েকটি দেশের বোর্ড সূচি পরিবর্তনের লিখিত অনুরোধ জানিয়েছে।

নয়াদিল্লিতে বৃহস্পতিবার রাজ্য সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে জয় শাহ বলেন, ‘আইসিসির বেশ কিছু পূর্ণ সদস্য দেশ সূচিতে দু-একটা বদল চেয়ে লিখিত অনুরোধ করেছে। আইসিসির সঙ্গে আলোচনা চলছে। দু-তিন দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’

ভারত-পাকিস্তান ম্যাচ পিছিয়ে দেওয়ার যে আলোচনা, সেটা মূলত নিরাপত্তা ইস্যুতে। ১৫ অক্টোবর ম্যাচটি হওয়ার কথা। ওই দিনই আহমেদাবাদে নয় দিনব্যাপী ধর্মীয় উৎসব নবরাত্রি শুরু হবে। তাই ম্যাচটির নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

জয় শাহ নিশ্চিত করেছেন ভারত-পাকিস্তান ম্যাচ সূচি পরিবর্তনের মূল কারণ নয়, ‘নিরাপত্তাজনিত কারণ থাকলে আহমেদাবাদে ম্যাচ রাখা হতো না। এখানে ১৪ বা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়।’

তার দাবি, ‘দুই-তিনটা দেশ তাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে অনুরোধ করেছে। কিছু ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতি। একটা খেলে ভ্রমণ করে একদিন পরই আবার খেলাটা কঠিন।’

পরিবর্তিত সূচিতে ভেন্যুর বদল আসবে না বলে জানিয়েছেন জয় শাহ। সমন্বয় করা হলে বিভিন্ন দলের দুই ম্যাচের মধ্যে বিরতিতে। ‘যে সব দলের ম্যাচের মধ্যে ছয় দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনা আর যাদের ম্যাচের বিরতি দুই দিনের, তাদের ক্ষেত্রে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’- বলেন জয় শাহ।

বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছিল ঠিক এক মাস আগে, গত ২৭ জুন। যদিও আগের আসরগুলোর সূচি প্রায় এক বছর আগেই জানিয়ে দেওয়া হতো। এবার অনেক দেরিতে সূচিতে ঘোষণার পর তাতে বদলেরও সিদ্ধান্ত হলো।

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হওয়ার কথা এবারের বিশ্বকাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত