নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব এবং জিতব। কারণ, সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না।
রবিবার (৩০ জুলাই) নগরীর সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমাদের ওপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে, বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি এ দেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। পরে শিক্ষার্থীদের ডেকে তাদের কথা শোনেন শামীম ওসমান।
অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
