অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল । তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিইসি বলেন, তফসিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিনের সঙ্গে মিলিয়ে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে নয়।
ভোট ডিসেম্বরে হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে করলাম না কালকে করলাম ওইটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ নির্বাচনটা কবে হচ্ছে।’
আগাম ভোটের বিষয়ে তিনি বলেন, ‘আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দিই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই। তফসিল আমি তিন মাস আগে দিতে পারি, চার মাস আগে দিতে পারি। নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন করতে হবে। তফসিল কবে দিতে হবে, এ বিষয়ে কিন্তু আইনে বলা নেই।’
তিনি আরও বলেন, ‘তফসিল নিয়ে কিন্তু কোনো আইন নেই কত দিন আগে তফসিল দিতে হবে। নরমালি ৫০ দিন, ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়।’
