নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পণ্যবাহী ‘এমভি ওয়াটার হেভেন-২’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার দুপুরে হাতিয়ার বয়ারচরের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা চারজন নাবিকসহ ১২ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।
ডুবে যাওয়া জাহাজের মাস্টার ইলিয়াস হোসেন জানান, চট্টগ্রাম থেকে এক হাজার ৭০০ টন সিরামিকের গুঁড়া নিয়ে এমভি ওয়াটার হেভেন-২ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হাতিয়ার নলচিরা ঘাটের কাছ দিয়ে যাওয়ার সময় ওই ঘাটের পাশে নোঙর করা একটি খালি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে জাহাজটির ইঞ্জিন কক্ষের তলা ফেটে যায়। এমন অবস্থায় জাহাজটি সামনের দিকে এগোতে থাকে। জাহাজের তলা দিয়ে পানি ঢুকে এবং সুকান বিকল হওয়ায় জাহাজটি ডুবে যায়।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা বলেন, জাহাজডুবির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে নৌপুলিশ পাহারা দিয়ে রাখবে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ এনে এটি উদ্ধার করা হবে।
