কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে ৪টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ৭৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার আনুমানিক বেলা ২টায় কুয়াকাটা সৈকত থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে প্রবল ঢেউয়ের আঘাতে তলা ফেটে গিয়ে ট্রলার ৪টি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলার ৪টি উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেদের এদিন সন্ধ্যায় আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারের মাঝি একলাছ উদ্দিন জানান, শুক্রবার সকালে মাছ শিকারের উদ্দেশ্য ছেড়ে যায় তারা। দুইদিন থাকার পরে সমুদ্রে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায় । তাদের পিছনে থাকা তীরে ফিরে আসা অন্যান্য ট্রলার তাদেরকে উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক খলিল মিয়া জানান, ট্রলার ডুবিতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, লঘুচাপের কারনে সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। সমুদ্র থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছেনা জেলেরা। ঝড়ের কবলে পরে মহিপুরের ১ টি, আলিপুরের ১ টি বাশখালির ১টি ও নলী বন্দরের ১টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
