সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে এই শিক্ষার্থীদের জামিন আবেদনের ওপর শুনানি শেষে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন শিশু হওয়ায় তাদের জামিনের আবেদন পাঠানো হয়েছে শিশু আদালতে।
বিবাদী পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান ৩২ জনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনপ্রাপ্তরা হলেন বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন, আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।
‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ এবং সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগে গত রবিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নতুনবাজার এলাকায় একটি হাউজবোট থেকে তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। পরে তাদের সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত। তবে সংবাদ সম্মেলন করে আটক শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, তারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত না।
