রেকর্ড বেতন পেতে যাচ্ছেন তিন পাক ক্রিকেটার

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪০ পিএম

বিরাট কোহলিদের আইপিএল ছাড়া অন্য কোথাও খেলতে দেয় না ভারত। সেই পথই যেন কিছুটা অনুসরণ করল পাকিস্তান। তবে পুরোপুরি নয়। দেশটি তাদের শ্রেণিভেদে ক্রিকেটার বছরে সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেবে। এই নিয়মের বেড়াজালে বন্দী রাখলেও শীর্ষ ক্রিকেটারদের বেতনও বৃদ্ধি করেছে।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আর শাহিন আফ্রিদিরা সময়ের তিন সেরা পাকিস্তানি ক্রিকেটার। বোর্ডের এ ক্যাটাগরির তিন ক্রিকেটার পেতে যাচ্ছেন রেকর্ড পরিমাণ বেতন। তবে সেক্ষেত্রে কমে আসছে বিদেশি লিগে অংশগ্রহণও। আগে বিভিন্ন লিগে খেলে বেড়ালেও এখন থেকে বিদেশের একটি লিগে খেলতে দেখা যাবে তাদের। আর তাই পিসিবি বেতনও বাড়াচ্ছে এই তিন ক্রিকেটারের।

পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ সম্প্রতি ক্রিকেট পাকিস্তানে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন, ‘ক্রিকেটারদের জন্যই বোর্ডের কোষাগার ভরে ওঠে, তাদের কারণেই বোর্ড চলে।’

বাবর, রিজওয়ান ও শাহিন এই তিন ক্রিকেটারকে সব ফরম্যাট মিলিয়ে ৪৫ লাখ রুপি করে বেতন দেওয়ার পরিকল্পনা করেছে বোর্ড। যেখানে লাল বলের জন্য ১১ মিলিয়ন ও সাদা বলের জন্য ৯ লাখ ৫০ হাজার রুপি করে এতদিন পেয়ে আসছিলেন তারা।

সম্প্রতি বিশ্বজুড়ে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপট। তাই কে কতটা লিগে যেতে পারবেন সেটাও নির্ধারিত করে দিয়েছে পিসিবি। বোর্ডের চুক্তিবদ্ধ এ ক্যাটাগরির ক্রিকেটার বছরে একটি টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন। এছাড়া বি ক্যাটাগরির ক্রিকেটার দুটি ও সি ক্যাটাগরির খেলোয়াড় তিনটি লিগে অংশ নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত