আ.লীগের কমিটিতে সহোদর পিতা-পুত্র, জামাই-শ্বশুর!

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:৫০ এএম

সম্মেলনের এক বছর পর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী এবং ৩২ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট আবদুস সালাম গত ৩০ জুলাই কমিটির অনুমোদন দিলেও তা প্রকাশ পায় গত বৃহস্পতিবার রাতে। প্রকাশের পরই এ কমিটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কারণ কমিটিতে স্থান পেয়েছেন পিতা-পুত্র, জামাই-শ্বশুর, আপন দুই ভাই এমনকি বহিষ্কৃতরাও।

জানা গেছে, অনুমোদিত কমিটিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মাজেদ খান স্থান পেয়েছেন ১ নম্বর সদস্য হিসেবে। একই কমিটিতে তার ছেলে ফয়জুল ইসলাম খান পেয়েছেন ত্রাণ ও সমাজকল‍্যাণ সম্পাদকের পদ। উপদেষ্টা কমিটিতে স্থান পাওয়া আবদুর রহমানের মেয়ের জামাই অ‍্যাডভোকেট আলম হোসাইন পেয়েছেন আইনবিষয়ক সম্পাদক পদ। এ ছাড়া আপন দুই ভাই আবদুল কুদ্দুস ও সেলিম আব্বাস সদস্য পদে স্থান পেয়েছেন।

অন্যদিকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত ব‍্যক্তিরাও কমিটিতে পদ পেয়েছেন। এদের মধ্যে জামির্ত্তা ইউপির চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপির চেয়ারম্যান আবদুল হালিম, জামশা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু ও জয়মন্টপ ইউপির সাবেক সদস্য বোরহানউদ্দিন ফকির পেয়েছেন সদস্য পদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান পেয়েছেন কোষাধ‍্যক্ষ পদ।

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক আওয়ামী লীগ নেতা বলেন, বিগত সময়ের তুলনায় এ কমিটি অনেক শক্তিশালী হয়েছে। রক্তের ও আত্মীয়ের সম্পর্ক এবং বহিষ্কৃত বিবেচনা না করে কাজের মূল‍্যায়ন করে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মমতাজ বেগম বিদেশে অবস্থান করায় এ প্রসঙ্গে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাংসদ মমতাজ বেগমকে সভাপতি, শহিদুর রহমান শহিদকে সাধারণ সম্পাদক এবং সায়েদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত