সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে সোচ্চার নেতাদের ঠেকাতে পুরনো মামলায় সাজা দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বিবৃতিতে তারা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসহ অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২ বছর করে সাজা দিয়েছে আদালত। ক্ষমতাসীন দল রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করতে উঠেপড়ে লেগেছে। আইন-আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে অবৈধ সরকার শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য।’
নেতারা বলেন, ‘দেশ উচ্ছন্নে যাক কিন্তু বিরোধী দলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখাই এখন আওয়ামী সরকারের কাছে খুবই জরুরি হয়ে পড়েছে। আর তারই নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটল যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. নাজিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজসহ নেতাকর্মীকে মিথ্যা মামলায় ২ বছর করে সাজা প্রদানের মধ্য দিয়ে।’
