নয়াপল্টনে রিজভী

সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হবে

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৩:১৩ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি-বিদেশি চাপে তারা আইওয়াশ হিসেবে এটি (সাইবার নিরাপত্তা আইন) করেছে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, ‘বাংলাদেশে এখন নির্যাতনের নির্মমতার মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামী মানুষ। কবির কথায় বলতে হয় “অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ”। হিংসার একটা আদিম রূপের ছবি বাংলাদেশের সর্বত্র। প্রভুত্বকামী জুলুমবাজ সরকারের বিষাক্ত থাবা পাড়া-মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। আইনের শাসন, সুবিচার, মানবিক মর্যাদার অস্তিত্ব ক্রমান্বয়ে রাষ্ট্রসমাজ থেকে মুছে দেওয়া হয়েছে নগ্ন দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র এখন মৃত, সেজন্যই গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের যেকোনো কর্মসূচিকে বরদাশত করছে না অবৈধ সরকার। মিছিলের শব্দ শুনলেই গুলি চালানো হচ্ছে নির্বিচারে, সাপ পেটানোর মতো লাঠিপেটা করা হয় নেতাকর্মীদের। প্রায় প্রতিদিনই পুলিশের ছোড়া গুলিতে বিরোধী নেতাকর্মীদের হাত, পা, পিঠ, পাকস্থলীই বিদ্ধ হচ্ছে না, তাদের মহামূল্যবান অঙ্গ চোখ হারিয়ে চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ব্যক্তি স্বাধীনভাবে মতপ্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগারে বা আয়নাঘরে। এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা-অনিচ্ছার ওপর।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের কর্র্তৃক গ্রেপ্তার, গুম কোনোভাবেই থামছে না। গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গোয়েন্দা পুলিশের হানায় দিনকে দিন নতুন মাত্রা যোগ হচ্ছে। নেতাকর্মীদের না পেলে পরিবারের সদস্যদের তুলে নেওয়া হচ্ছে, এতে পরিবারের বয়স্ক সদস্যরা আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুকোলে ঢলে পড়ছে। আমরা জানতে পেরেছি আজ (গতকাল) আদালতে যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ২৭ জন নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ২৮ ও ২৯ জুলাই মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় ৮২০ জন আহত এবং প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে দলের নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, সেলিমুজ্জামান সেলিম, আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের কবরে ড্যাবের শ্রদ্ধা : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

ড্যাবের সভাপতি হারুন আল রশিদ ও মহাসচিব মো. আবদুস সালাম সংগঠনের অন্যান্য নেতাকর্মীর সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতও করেন তারা।

আদালতে হাজিরা দিতে যাওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম শাকিল, সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মেহেদী হাসান, এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, মো. সিরাজুল ইসলাম, শহিদ হাসান প্রমুখ।

নয়াপল্টনে কৃষক দল নেত্রী ডলির জানাজা সম্পন্ন : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের মহিলাবিষয়ক সম্পাদক রোজিনা আক্তার ডলির জানাজা হয়েছে।

গতকাল দুপুরে জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লা বুলু, হাবিবুর রহমান হাবিব, ওবায়দুর রহমান চন্দন, তাইফুল ইসলাম টিপু, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত