ইয়েমেনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অপহরণের ১৮ মাস পর গতকাল মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। আজ বুধবার তাকে দেশে আনা হতে পারে।
গতকাল রাতে সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ইয়েমেনে অপহৃত হওয়া সুফিউল আনামকে উদ্ধার করেছে। তিনি এখন সুস্থ আছেন। জঙ্গিদের হাত থেকে মুক্ত হওয়ার পর সুফিউল আনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছে সূত্রটি।
সুফিউল ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন। গত বছর ১১ ফেব্রুয়ারি দেশটির মুদিয়াহ প্রদেশ থেকে আল-কায়েদা সুফিউল আনামকে অপহরণ করে। তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে। এর পর থেকে কোনো খোঁজ মিলছিল না জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তার। ধারণা করা হচ্ছিল অপহরণের পর তাকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। কিন্তু প্রায় সাত মাস পর গত ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
পরে ইয়েমেনে সুফিউল আনামের খোঁজ করতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সেদেশে যেতে গত বছরের ২৯ ডিসেম্বর অনুমোদন দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কাজী মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে ওই প্রতিনিধিদল গঠন করা হয়েছিল।
