স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রামের মানুষকে সুসংগঠিত এবং তাদের অর্থনৈতিক উন্নতির জন্য সমবায় শক্তিশালী ভূমিকা রাখতে পারে। প্রান্তিক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে তা তাদের অর্থনৈতিক মুক্তির কাজে ব্যবহার করতে পারলে গ্রামীণ অর্থনীতির চেহারা আমূল পালটে যাবে।
এ প্রসঙ্গে মন্ত্রী দক্ষিণ কুরিয়ার 'নিউ কমিউনিটি মুভমেন্ট' এর উদাহরণ দিয়ে বলেন, কুমিল্লার বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) মডেল অনুসরণ করে দক্ষিণ কোরিয়া জন প্রতিনিধিদের নেতৃত্বে তাদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে পেরেছে।
শনিবার (১২ আগস্ট) কুমিল্লায় বার্ড এর ময়নামতি অডিটোরিয়ামে ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এবং কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ হামিদা বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন বার্ড এর মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ মোল্লা।
