হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছিল ছাত্রকে

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:০০ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছেন তার পরিবার ও স্থানীয়রা।

গতকাল শনিবার সকালে গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে বাড়ির পাশের খড়ের গাদার কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। ওই মাদ্রাসাছাত্র ডাবরী গোরস্তান কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসাছাত্রের মা জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ডাবরী গোরস্তান কওমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান মওলানা আলী হোসেন বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের সঙ্গে কথা বলে জানতে পারি, গতকাল ভোরে তাকে দুজন কালো বোরকা পরা মানুষ তুলে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেঁচিয়ে বাড়ির পাশে ফেলে রেখে যায়।’

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান জানান, তার শরীরে কোনো মারধর বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। সে সুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত