বিদেশিরা জনগণের পক্ষেই কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘ইদানীং বিদেশিদের খুব দুর্নাম করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশিরা খারাপ উদ্দেশ্যে গণতন্ত্র ও ভোটের কথা বলছে ও এসব কথার কোনো অর্থ নেই। কিন্তু বিদেশিরা জনগণের পক্ষেই কথা বলছেন, তারা ভালো কিছু চাইছেন।’
গতকাল শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, বিদেশিরা আমাদের বিভিন্ন রোগের টিকা দিয়েছে। তারা টাকাপয়সা দিয়ে টিকা কার্যক্রম বাস্তবায়নও করছে। করোনাকালে আমেরিকানরা ১০ কোটি টিকা ফ্রি দিয়েছেন। অবস্থা এমন হয়েছে, আমরা শুধু লুটপাট করব আর বিদেশিরা আমাদের দেশের লোকদের দেখবে।
জাপা চেয়ারম্যান বলেন, দেশে এখন একজনের কথাই আইন। তিনি যা বলবেন সেটাই আইনসিদ্ধ। কেউ না বললে যেন শাস্তিযোগ্য অপরাধ করে ফেলল। তাই একজনের সিদ্ধান্তই এখন রায়। এ থেকে বাঁচতে হলে গভর্ন্যান্স চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
