মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনা: আরএফএলের এসআরসহ নিহত ৩

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আর এফ এল কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার উপজেলার ধেরুয়া, কুরণী ও শুভুল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুতে। মহাসড়কের ওই স্থানে জুবায়ের হোসেন (২০) নামের ট্রাকের এক হেলপার বিকল একটি ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুবায়ের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ঠেঙ্গারচড়া গ্রামের আকের আলী মুন্সির ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোর ছয়টার দিকে মহাসড়কের কুরণী নামক স্থানে। আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ট্রলি চালক মহাসড়কের ওই স্থানে ট্রলি চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। আব্দুর রাজ্জাক শেরপুর সদর উপজেলার মধ্যআলী নগরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে। কামরুজ্জামান (৩০) নামের এক ব্যক্তি মহাসড়কের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল যোগে টাঙ্গাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুরচড়া গ্রামের কাদের খন্দকারের ছেলে। তিনি আরএফএল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা টুটুল জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত