সময়মতো তহবিলের ঋণ ফেরত না দিলেই জরিমানা

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:০৫ এএম

এখন থেকে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল ও রপ্তানির আগে পুনঃঅর্থায়ন তহবিল থেকে কোনো ব্যাংকঋণ নেওয়ার পর সময়মতো পরিশোধ না করলে জরিমানা গুনতে হবে। পাশাপাশি এ দুই তহবিলের ঋণের সুদহারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার পর অনেক ব্যাংক সময়মতো ফেরত দিচ্ছে না, এমন পরিস্থিতিতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে পৃথক দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এতে বলা হয়েছে, রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৫ শতাংশ, আগে যা ছিল ৪ শতাংশ। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে ১ দশমিক ৫ শতাংশ সুদে টাকা ধার দিত, এখন তা বেড়ে হবে ২ শতাংশ।

এ ছাড়া প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন তহবিল থেকে আগে গ্রাহকরা ৩ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ পেত। এখন তা বেড়ে হয়েছে ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে ব্যাংকগুলোকে শূন্য দশমিক ৫ শতাংশ সুদহারে টাকা ধার দিত, নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে।

উভয় ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়ার পর পরিশোধসূচি অনুযায়ী টাকা জমা দিতে ব্যর্থ হলে ওই সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেটের হারে সুদ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেট এখন ৪ শতাংশ।

বৈশ্বিক সংকটে রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। মূলত রিজার্ভের ডলার দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ওপর চাপ কমাতে গঠন করা হয় কম সুদের এই রপ্তানি সহায়ক তহবিল। সব মিলিয়ে এই তহবিল থেকে ঋণ দেওয়া হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। এই টাকা পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক, ইসলামি ধারার ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত