মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে পিরোজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নিজের গড়া সাঈদী ফাউন্ডেশনে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। আজ সকাল ১০টায় ঢাকা থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে নেওয়া হয়। জানাজা শেষে দুপুর ৩টার দিকে সাঈদী ফাউন্ডেশনে পারিবারিক কবরস্থানে বড় ছেলের পাশে তাঁকে দাফন করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ও ২০০১ সালে জামায়াতের মনোনয়ন নিয়ে পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদী। তিনি ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের মামলায় গ্রেপ্তার হন। ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় আপিল বিভাগ।