পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আবারও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। যদি কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে আগের মতো আগামীতেও একইভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। আমাদের যে সক্ষমতা আছে, শক্তি আছে সেটা দিয়ে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।
গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান ও মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘অনেকে আবার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। অর্থনীতি পঙ্গু করে দিতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। দেশে বিশৃঙ্খলা ঘটাতে চায়। বঙ্গবন্ধুর একটা কথা আপনাদের ভুললে চলবে না, আপনারা স্বাধীন দেশের পুলিশ, আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা। জনগণকে ভালোবাসা। দুর্দিনে জনগণকে সাহায্য করা।’
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
সভাপতির বক্তেব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস, শঙ্কার মাস। আগস্ট মাসেই আমরা আমাদের জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হারিয়েছি। এ মাসেই আমরা বাঙালির অনেক গুণীজন হারিয়েছি। আগস্ট মাস এলেই মনে মনে শঙ্কা জাগে একাত্তর সালের পরাজিত পক্ষ আবার কোনো অঘটন ঘটায় কি না। তবে বাংলাদেশ পুলিশ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’
