রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে আগামী ২০ অক্টোবর থেকে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথে মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে ২০ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে।’
প্রাথমিকভাবে ফার্মগেট-সচিবালয় ও মতিঝিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।
সেতুমন্ত্রী বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নদ্দা-ভাটারা রুটের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। আর ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪০টি সেতুর উদ্বোধন করবেন। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। এর সঙ্গে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে।
