ক্ষমতাসীনদের অস্ত্রের প্রশ্নে জবাব নেই ডিবির

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৪১ এএম

অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিবির যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবী। একপর্যায়ে সরকারি দলের অনেক নেতাকর্মীকে অস্ত্রসহ অনেক সময় দেখা যায়, তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেন না কেন? এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না বা নিচ্ছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে চলে যান তিনি।

গতকাল রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিবির এই যুগ্ম কমিশনার নিখোঁজ ছাত্রদল নেতাদের অস্ত্রসহ গ্রেপ্তারের তথ্য জানান। তিনি বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলেন গ্রেপ্তারকৃত এ ছয়জন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে কাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা হয়েছে, সে তথ্যও ডিবি জানতে পেরেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), সহসভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আর রিয়াদ (২৯), বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২)।

ছাত্রদলের এসব নেতাকে ডিবি তুলে নিয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে খোন্দকার নুরুন্নবী বলেন, ‘মামলার এজাহারে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেভাবেই আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আসন্ন নির্বাচন কেন্দ্র করে তারা নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অস্ত্র সংগ্রহ করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেসহ দুটি মামলা হয়েছে।’

ডিবির এ কর্মকর্তা আরও বলেন, গতকাল (শনিবার) রাতে নাইটিংগেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে থাকা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার রাতে পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটকের দাবি জানায় দলটি। তবে রবিনের নাম জানালেও বাকি ১১ জনের নাম জানায়নি ডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত