পশ্চিম ভারতের রাজস্থান প্রদেশের মরুভূমিতে সম্প্রতি আবিষ্কার হয়েছে এক ডাইনোসরের ফসিল। ডাইক্রিয়োসোরিড উপগোত্রের ডাইনোসরের জীবাশ্মটি ১৬ কোটি ৭০ লাখ বছর পুরনো। দীর্ঘ ঘাড় বিশিষ্ট এই প্রাণী ছিল উদ্ভিদভোজী। অবশ্য প্রজাতিটির ঘাড় এ উপগোত্রের অন্যান্য প্রজাতির মতোন ততটা লম্বা নয়। ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের একটি দল এ ফসিল আবিষ্কার করেছেন। থর মরুভূমির নামানুসারে তারা প্রজাতিটির নাম দিয়েছেন থরোসরাস ইন্ডিকাস।
আনন্দবাজার বলছে, জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস নামের বৈজ্ঞানিক জার্নালে সম্প্রতি এই আবিষ্কারের বর্ণনা দিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আরও ভালোভাবে জানতেÑ ভারতীয় উপমহাদেশে পাওয়া ফসিল নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরেন তারা।
থরোসরাসসহ ডাইক্রিয়োসোরিড উপগোত্রটি বৃহত্তর ডিপলোডোকয়েড সরোপড গোত্রভুক্ত। দীর্ঘ শরীর ও ঘাড় যাদের অন্যতম বৈশিষ্ট্য। জুরাসিক থেকে ক্রিটেশাস যুগের শুরু পর্যন্ত সময়ের ফসিল বেডে সরোপডদের জীবাশ্ম উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গেছে।
ঘাড়ে ও পিঠে লম্বা কাঁটার মতো ফলার থাকায়ুডাইক্রিয়োসোরিডদের অন্যান্য সরোপডদের থেকে আলাদা করে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সময় এই ডাইনোসরের ফসিল পাওয়া গেছে আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং চীনে।
কিন্তু ভারতে এর আগে কখনোই সরোপডদের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রোর্কের মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্মবিজ্ঞানী সুনীল বাজপেয়ি। জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত নিবন্ধের এই লেখক জানান, আগে ধারণা করা হয়েছিল, ভারতে শুধু ডিপলোডোকয়েড নামের ডাইনোসরের পূর্ব পুরুষরা থাকত।
ভারতে পাওয়া সরোপড গোত্রের ডাইনোসরটির বাঁকানো ঘাড় ও লেজের হাড়ে আলাদা কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে। এতে ভারতে সরোপডরা কীভাবে বাস করত তার এক ভিন্ন চিত্র উঠে এসেছে।
আইইটি রোর্কের পৃথিবী-বিজ্ঞানের গবেষক এবং নিবন্ধের সহ-লেখক দেবজিত দত্ত বলেন, এটি কেবল ডাইক্রিয়োসোরিডদের সবচেয়ে প্রাচীন ফসিলের বৈশ্বিক রেকর্ড নয়, একইসঙ্গে ডিপলোডোকয়েড সরোপডদের সবচেয়ে পুরনো ফসিল।’
এর আগে মধ্য ভারতে সরোপডদের পূর্ব পুরুষ বরাপসরাস ও কোটাসরাস প্রজাতির জীবাশ্ম মেলে। এর সঙ্গে থরোসরাসের সাম্প্রতিক আবিষ্কার মিলে ইঙ্গিত দিচ্ছে যেÑ ভারতীয় উপমহাদেশ নতুন ধরনের সরোপডদের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
