জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায় ভারত। দেশটি চায়, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই সহিংসতা, অরাজকতা না হয়।
ভারত সফর শেষে আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে জি এম কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ভারত সফরে গিয়ে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু তাদের পরিচয় এবং আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হন নি তিনি।
তিনি বলেন, ওনারা (ভারতে যাদের সাথে দেখা হয়েছে) যদি প্রকাশ করতে চান, করবেন। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া কোনো কথা বলা ঠিক হবে না।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ভারতের চাওয়া সম্পর্কে জি এম কাদের বলেন, জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে এবং পরে যাতে কোনো সহিংসতা বা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনিশ্চিত কিছু না হয় তাই চায় ভারত। এটা হলে ওনারা খুশি হবেন। কারণ, এখানে ওনাদের অনেক ধরনের বিনিয়োগ আছে।
তিনি বলেন, বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, আমরা সবাই মিলে ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যাতে সুন্দর একটি নির্বাচন হয়।
নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে মতদ্বৈধতা, এ ক্ষেত্রে ভারতের অবস্থান কী এ প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ভারত বলেছে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই, নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।
এ ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তারা জাতীয় পার্টিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথাও বলেছেন বলে জানান জি এম কাদের। তাঁরা বলেছেন, যেহেতু জাতীয় পার্টির সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে, সবাইকে একসঙ্গে করে, সুন্দর একটা নির্বাচন করতে পারলে তারা খুশি হবেন।
নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে ভারত কী বার্তা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, না, বার্তা দেয়নি। আমাদের দল আমরা চালাব, ওনাদের বার্তা দেওয়ার কিছু নেই। ওনারা বলেছেন যে একটা ভালো নির্বাচন হোক এবং সহিংসতা না হোক—নির্বাচনের আগে এবং পরে। যেন দেশটা শান্তিপূর্ণভাবে চলে। এটা আমাদের সকলের স্বার্থেই দরকার।
২০ আগস্ট ভারত সফরে গিয়েছিলেন জি এম কাদের। স্ত্রী শেরিফা কাদের ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মশরুর মাওলা এই সফরে তাঁর সঙ্গে ছিলেন।
