শিল্প খাতের শ্রমিকদের দক্ষতা ও উদ্ভাবনী মনোভাব তৈরিতে ৩০ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৯ টাকা হারে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২৭০ কোটি টাকা। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এডিবির এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ইআরডির সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাও নিং চুক্তিতে সই করেন।
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতায় ২০২৪-৪১ মেয়াদে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো মাধ্যমে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য।
উল্লেখ্য, অর্থ বিভাগ তহবিল ব্যবস্থাপনা এবং এই কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করবে।
এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাও নিং বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধিই বাংলাদেশের একটি প্রধান অগ্রাধিকার। দক্ষতা বিকাশে এডিবির বিশাল অভিজ্ঞতার ভিত্তিতে, এই নতুন প্রোগ্রামটি প্রযুক্তিভিত্তিক উন্নত দক্ষতা এবং উৎপাদনশীলতাকে আরও বাড়িয়ে তুলবে।
এ কর্মসূচির উদ্দেশ্য হলো, উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে বর্ধিত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি করা। অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়কের ভূমিকা পালন করবে।
