সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণসমাজের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ছাত্রলীগের স্মরণকালের বৃহত্তম ছাত্রসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
এ সময় শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণসমাজ আজকে একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প তাদের সামনে নেই। তরুণসমাজ বিশ্বাস করেন শেখ হাসিনার এ দেশের লাখো কোটি মানুষের দিন বদল করেছেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নৌকার কোনো বিকল্প নেই এই প্রশ্নে ছাত্র সমাজ, তরুণ সমাজ আজকে এক এবং ঐক্যবদ্ধ। এই ছাত্রসমাবেশ থেকে সারা বিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে তরুণ সমাজ জাতির পিতার কন্যার সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামীকালের সমাবেশে লাখ লাখ শিক্ষার্থীদের নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশবিরোধী যেকোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে তারুণ্য সদাপ্রস্তুত।
সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগামীকালের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে। ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে এ বার্তা দিতে চাই যে, আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলীয়ান থাকব; একই সঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্র সমাজে নেই। শেখ হাসিনার প্রতি দেশের সব শিক্ষার্থীদের যে ভালোবাসা রয়েছে, গভীর ভাবাবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটাতে আমরা এ ছাত্র সমাবেশ করব।
তিনি বলেন, এটি ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এ তরুণদের শক্তির ওপর ভিত্তি করে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে ছাত্র সমাজ আপসহীন জায়গায় রয়েছে।
