বেয়ারস্টো-ব্রুকের ব্যাটিংয়ের পর অ্যাটকিনসনে দারুণ বোলিং

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুকের দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে আলো ছড়িয়েছেন গাস অ্যাটকিনসন। তাতে কিউইরা রীতিমতো উড়ে গেছে।

ম্যানচেস্টারে শুক্রবার রাতে ৯৫ রানের জয় তুলে নেয় ইংলিশরা। তাদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় কিউইরা। এই জয়ে চার ম্যাচের সিরিজে জস বাটলারের ইংল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

ওপেনার বেয়ারস্টো ৬০ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন। ব্রুক খেলেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩১ রান। তাতেই বড় পুঁজি পায় স্বাগতিকরা।

এরপর ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন ২০ রান খরচায় ৪ উইকেট নেন। আদিল রশিদ নেন ২ উইকেট।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোর টিম সেইফার্টের। ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মার্ক চ্যাম্পম্যান। ১৫ রান করেন তিনি।

রবিবার এজবাস্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত