ভারতের পশ্চিমবঙ্গে হেলমেট বা মাস্ক পরে সোনার দোকানে ঢোকা বন্ধ করা হচ্ছে। সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনায় সতর্ক হয়ে এ নির্দেশনা দিয়েছে কলকাতা পুলিশ। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে কলকাতার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে তারা।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পুলিশের নতুন ঘোষণায় দোকানের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, সিসিটিভি ক্যামেরাগুলোয় সারাদিন কড়া নজরদারি থাকতে হবে। শুধু তা-ই নয়, সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করতে হবে।
সিসিটিভি ক্যামেরা কোথায় বসাতে হবে, তাও বলা রয়েছে ওই নির্দেশনায়। দোকানে এমন জায়গায় (স্ট্র্যাটেজিক লোকেশন) সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, যাতে প্রবেশ-প্রস্থান এবং যেখানে লকার, ক্যাশ কাউন্টার রয়েছে সেখানে সব সময় নজর রাখা যায়।
এতে আরও বলা হয়, উৎসব বা অন্য কোনও সময় দোকান এক দিনের বেশি সময় বন্ধ থাকলেও সেখানে নিরাপত্তারক্ষী থাকতে হবে। বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে, এমন রক্ষীদের রাখতে হবে দোকানে। সঙ্গে থাকবে অস্ত্র। সব সোনার দোকানে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার কথাও বলা হয় নির্দেশনায়।
গেটের ভেতরে থাকবেন একজন সশস্ত্র রক্ষী। আর বাইরে থাকবেন আরও একজন রক্ষী। যিনি নজরে রাখবেন দোকানে যাতে অস্ত্র নিয়ে কেউ প্রবেশ করতে না পারে। বাইরে থেকে ওই রক্ষী সংকেত দিলে তবেই ভেতর থেকে দরজা খুলবেন দ্বিতীয় সশস্ত্র রক্ষী। কর্মীদের পরিচয় যাচাই করে নিয়োগ দিতে হবে।
প্রসঙ্গত, মহামারির সময় মাস্ক ছাড়া দোকানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এখন তার উল্টো নির্দেশই দিলো কলকাতা পুলিশ। যদিও রাজ্যে এখন আর মহামারি কালের কোনও বিধিনিষেধ চালু নেই।
